ডিএসইর কাছে লেনদেন শুরুর বিলম্বের কারণ জানতে চেয়েছে এসইসি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার ও এর আগে বুধবার বিলম্বে লেনদেন শুরু করার ব্যাখ্যা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।এসইসি সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে এ ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে এসইসি তিন দিনের মধ্যে জবাব চেয়েছে। এসইসি এও জানতে চেয়েছে যে, কারিগরি কোনো ত্রুটির কারণে লেনদেন শুরুতে বিলম্ব হলে তা নিরসনে কী কী ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এবং তা যথাযথভাবে কাজ করেছিল কি না।সাধারণ নিয়মে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হলেও গত বুধবার ও গতকাল রোববার লেনদেন শুরু হয় এক ঘণ্টা বিলম্বে বেলা সাড়ে ১১টায়। এর মধ্যে বুধবার ডিএসইর লেনদেনের সফটওয়্যারে সমস্যা হয়। পরদিন বৃহস্পতিবারে স্বাভাবিক লেনদেন চলে। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে গতকাল রোববার লেনদেন শুরু হওয়ার আগে আবারও একই ধরনের সমস্যা দেখা দেয়।তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই দিনই নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।এদিকে বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেও ডিএসইতে দেরিতে লেনদেন শুরু হওয়া নিয়ে নানা ধরনের সংশয়-সন্দেহ দেখা দিয়েছে। তাঁদের অনেকেই মনে করেন, লেনদেনের মতো গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে ডিএসইর উদাসীনতা থাকার কারণেই এমনটি হয়েছে। তাঁরা শুধু ব্যাখ্যা তলবেই সীমিত না থেকে এসইসিকে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখারও দাবি জানান। অপরদিকে লেনদেনের বিলম্বের কারণ সম্পর্কে ডিএসইর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেনের পাঠানো ওই ব্যাখ্যায় বলা হয়েছে, ‘কারিগরি ত্রুটির কারণে দুই দিন লেনদেন শুরু করতে বিলম্ব ঘটেছে। দুই দিনে নতুন দুটি কোম্পানি লেনদেনের সফটওয়্যারে যুক্ত হওয়ার ফলে এ ধরনের সমস্যা হয়েছে।’ ডিএসই বলছে, ‘লেনদেন শুরুর আগে অনেকগুলো ব্রোকারেজ হাউস থেকে অভিযোগ করা হয় যে, তাদের লেনদেন যন্ত্রে বাজারে তালিকাভুক্ত সবগুলো সিকিউরিটিজের ট্রেড কোড দেখা যাচ্ছে না। এ কারণে লেনদেন শুরু করতে দেরি হয়েছে।’ তবে খোঁজ নিয়ে জানা গেছে, লেনদেনের বিলম্বের বিষয়টিও এসইসিকে যথাসময়ে জানানো হয়নি। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময়ে লেনদেন শুরু না হওয়ার বিষয়টি সম্পর্কে আমি সময়মতো অবগত ছিলাম না। কমিশনের অন্য কাউকে বিষয়টি সঠিক সময়ে জানানো হয়েছিল কি না সেটি আমি বলতে পারব না। তবে অতীতে দেখেছি এ ধরনের সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে এসইসিকে জানানো হতো।’যোগাযোগ করা হলে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, ‘দুই দিনই লেনদেন শুরুর আগে কিছুটা কারিগরি সমস্যার মুখোমুখি হই। তাৎক্ষণিকভাবে আমরা তা ডিএসইকে অবহিত করি।’ বাজার পরিস্থিতি: সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই দরপতন ঘটেছে। ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক এই দিন প্রায় ৪৮ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ১৮ পয়েন্টে। ডিএসইতে এই দিন প্রায় ২১৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক ১১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ২৯৩ পয়েন্টে। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।