ডিএসইর চার পরিচালক নির্বাচিত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার পরিচালক পদে গতকাল রোববার নির্বাচন সম্পন্ন হয়েছে।এতে র্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হানিফ ভূঁইয়া, জাহান সিকিউরিটিজের এমডি মোহাম্মদ শাহজাহান, ডিএসইর সাবেক সভাপতি ও রয়েল গ্রিন সিকিউরিটিজের চেয়ারম্যান আবদুল হক এবং বিএলআই সিকিরিটিজের এমডি মিনহাজ মান্নান ইমন আগামী তিন বছরের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন।গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে রাজধানীর মতিঝিলে অবস্থিত ডিএসইর প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ চলে। মোট ২২৯ জন ভোটারের মধ্যে ২০৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম এ হাশেম ফলাফল ঘোষণা করেন।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নির্বাচিত ব্যক্তিদের মধ্যে হানিফ ভূঁইয়া সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়েছেন। মোহাম্মদ শাহজাহান ১৬৩ ভোট, আবদুল হক ১২৯ ভোট ও মিনহাজ মান্নান ইমন ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত অপর দুই প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ সিকিউরিটিজের এমডি শরীফ আনোয়ার হোসেন ১১৬ এবং গ্লোবাল সিকিউরিটিজের এমডি হাবিব আবুল মোস্তাক পেয়েছেন ১১১ ভোট। নতুন চার পরিচালক নির্বাচনের পর নির্বাচিত মোট ১২ জন সদস্যের ভোটে ১৫ মার্চ ডিএসইর নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন। ওই দিনই সংস্থাটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে।