ডিএসইর ডিমিউচুয়ালাইজেশনে সময় লাগবে: নতুন সিইও
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশনে (বিন্যস্তকরণ) সময়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন। আজ বৃহস্পতিবার সকালে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মোশাররফ বলেন, পুঁজিবাজার বিন্যস্তকরণের জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে ধারণাপত্র জমা দেওয়া হয়েছে। ওই ধারণাপত্র অনুযায়ী ডিএসই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আগামী অর্থবছরের বাজেটের পর বিন্যস্তকরণের কার্যক্রম পুরোদমে শুরু হবে। একই সঙ্গে চলতি বছরেরই যেন পুঁজিবাজার বিন্যস্তকরণের কার্যক্রম সম্পন্ন করা যায় চেষ্টা করা হবে। সিইও আরও বলেন, পুঁজিবাজার উন্নয়নে ডিএসইর কমপ্লায়েন্স বিভাগকে আরও শক্তিশালী করা হচ্ছে। এটা হলে বিনিয়োগকারী স্বার্থ রক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি। এতে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে। এ সময় ডিএসইর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) শুভ্রকান্তি চৌধুরী, অর্থ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) জীবন চন্দ্র দাশ এবং প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান উপস্থিত ছিলেন।