ডিএসইর তত্পরতার পরও ঠেকানো গেল না দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হলেও, নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেন হওয়া প্রায় সব কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৭৩ পয়েন্ট কমে ৪,৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সকালে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যে সূচক নিম্নমুখী হতে শুরু করে। বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইর ‘মনিটরিং টিম’ (পর্যবেক্ষণ দল) বেশ কয়েকটি হাউস পরিদর্শনে যায়। তবে শেষ পর্যন্ত দরপতনের হাত থেকে রেহাই পায়নি বাজার। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ডিএসইর পর্যবেক্ষণ দল আজ ছয়টি ব্রোকারেজ হাউস পরিদর্শনে যায়। তাঁরা এসব হাউস থেকে কোনো ধরনের অনিয়ম করা হচ্ছে কি না তা খতিয়ে দেখেন। এদিকে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচটি রিটের ব্যাপারে হাইকোর্ট আজ এসইসির ওই ২সিসি আইন কেন অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে আগামী ১৩ জুনের মধ্যে এসইসিকে জবাব দিতে বলেছেন। এই রুলটি বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি করে, যা বাজারে দরপতনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে যায়। ১০ মিনিটে বাড়ে ৫৯ পয়েন্ট। এরপর অবশ্য সূচক বাড়ার হার একটু কমে যায়। ৪০ মিনিটে নিম্নমুখী হয়ে সূচক গতকালের চেয়ে ২৩ পয়েন্ট কমে যায়। দুই ঘণ্টায় সূচক কমে ১৩৫ পয়েন্ট। এভাবে সময়ের সঙ্গে দিনের শেষ পর্যন্ত সূচক কমছিল। আজ লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ১৫টির দাম, কমেছে ২৪০টির আর অপরিবর্তিত আছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে প্রায় ৫০ কোটি টাকা বেশি।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বেক্সিমকো, এমআই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস এবং স্কয়ার ফার্মা।