ডিএসইর দৈনিক গড় লেনদেন নেমেছে ৫০০ কোটি টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন অনেক কমে গেছে। গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের প্রতিদিনের গড় লেনদেন নেমে এসেছে প্রায় ৫০০ কোটি টাকায়। অথচ আগের সপ্তাহেও এর পরিমাণ ছিল ৮৮৪ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রতিদিন গড় লেনদেন কমেছে সাড়ে ৪২ শতাংশ বা পৌনে ৪০০ কোটি টাকা।বাজারের লেনদেন কমে যাওয়াকে বিনিয়োগকারীদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী লেনদেনে নিষ্ক্রিয় রয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে রমজান। রমজানের সময় এমনিতেই শেয়ারবাজার কিছুটা মন্দা থাকে বলে তাঁদের অভিমত।যোগাযোগ করা হলে ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন ধরে বাজার নিম্নমুখী থাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমে গেছে। অনেকেই লেনদেনে অংশ না নিয়ে বাজার পর্যবেক্ষণ করছেন। এ ছাড়া বিনিয়োগকারীদের একটি অংশ ঈদকে সামনে রেখে মুনাফা তুলে নিচ্ছে।’এসব কারণে লেনদেনের পরিমাণ কমে গেছে বলে মনে করেন ডিএসইর এই নেতা। তবে বাজার নিয়ে তিনি বেশ আশাবাদী। তাঁর মতে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ারবাজারকে বড় পুঁজি সংগ্রহের ক্ষেত্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা কার্যকর হলে আগামী দিনগুলোতে বাজার অনেক স্থিতিশীল হবে।ঢাকার বাজারে গেল সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫৪০ কোটি টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল চার হাজার ৪১৯ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মোট লেনদেন এক হাজার ৮৭৯ কোটি টাকা কমে গেছে।ডিএসইর সাপ্তাহিক বাজার তথ্যে দেখা যায়, শেয়ারের দরপতন দিয়েই গেল সপ্তাহটি শুরু হয়েছিল। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার ছিল কিছুটা ঊর্ধ্বমুখী, যা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছে। গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই শেয়ারের দরপতন ঘটেছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম। সপ্তাহজুড়ে ঢাকার বাজারে ২৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৯০টিরই দাম কমেছে। বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। আগের সপ্তাহে সমপরিমাণ কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছিল। এর মধ্যে ২৫১টিরই দাম কমেছিল, বেড়েছে কেবল ১৪টির।গেল সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে ছয় হাজার ২১৩ পয়েন্টে। এটি তার আগের সপ্তাহের চেয়ে ৪৭ পয়েন্ট কম।বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি সমন্বিত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত সোমবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধি ও মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ওই দিনই এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান।