ডিএসইর দৈনিক লেনদেন ৪০০ কোটি টাকার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের প্রতিদিনের গড় লেনদেন নেমে এসেছে ৪০০ কোটি টাকার নিচে। গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৯২ কোটি টাকায়।অথচ আগের সপ্তাহেও এর পরিমাণ ছিল ৫০৮ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রতিদিনের গড় লেনদেন কমেছে প্রায় ২৩ শতাংশ বা ১১৬ কোটি টাকা।বাজারের লেনদেন কমে যাওয়াকে বিনিয়োগকারীদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে গত সপ্তাহে কার্যদিবস এক দিন কম হওয়াও লেনদেন কমার আরেকটি কারণ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি থাকায় ওই দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী লেনদেনে নিষ্ক্রিয় রয়েছেন। বেশির ভাগ বিনিয়োগকারী হাতে শেয়ার ধরে রেখে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ কারণে বাজারে লেনদেন কমেছে।যোগাযোগ করা হলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন ধরে বাজার নিম্নমুখী থাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমে গেছে। দাম কমে যাওয়ায় এখন লোকসানে কেউ শেয়ার বিক্রি করছেন না। এ কারণে লেনদেন কমে গেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় নয়।’সাময়িকভাবে লেনদেন কমে গেলেও শেয়ারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে লেনদেনও বাড়বে বলে মত দেন ডিএসইর সভাপতি। তাঁর মতে, এরই মধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর কিছু লক্ষণ দেখা যাচ্ছে।ঢাকার বাজারে গেল সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৫৬৭ কোটি টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল দুই হাজার ৫৪০ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৯৭৩ কোটি টাকা।গেল সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে ছয় হাজার ১১৮ পয়েন্টে। এটি তার আগের সপ্তাহের চেয়ে প্রায় ৯৫ পয়েন্ট কম।