ডিএসইর নতুন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান নির্বাচিত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সভায় পরিচালকদের সম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

ডিএসইর জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সভা শেষে সিদ্দিকুর রহমান মিয়াও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাতজন স্বতন্ত্র ও চারজন শেয়ারহোল্ডার পরিচালক অনুমোদন দেওয়া হয়। এর আগে ওই সাতজন স্বতন্ত্র পরিচালকের নামে চূড়ান্ত অনুমোদন দেয় বিএসইসি। এ ছাড়া মঙ্গলবার ডিএসইর শেয়ারধারী পরিচালক নির্বাচনে চারজন শেয়ারধারী পরিচালক নির্বাচিত হন। শেয়ারধারী পরিচালকেরা হলেন শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, মোহাম্মদ শাহজাহান ও শরীফ আনোয়ার হোসেন।

এ ছাড়া গতকাল বিএসইসি থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া স্বতন্ত্র পরিচালকেরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবুল হাসেম, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি মো. রুহুল আমিন (এফসিএমএ) ও সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান (পিএসসি)।

ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ জন সদস্য থাকবেন। এর মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক। এ ছাড়া চারজন শেয়ারধারী বিনিয়োগকারী, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন ব্যবস্থাপনা পরিচালক। তবে বর্তমানে কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ছাড়াই ১২ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে।