ডিএসইর নতুন দুই সূচকে কিছু পরিবর্তন হচ্ছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন দুই সূচকে কিছু পরিবর্তন আসছে। প্রধান সূচক ডিএসইএক্সে নতুন করে যুক্ত হচ্ছে তিন কোম্পানি। নির্বাচিত ৩০ কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস ৩০-তে নতুন করে পাঁচটি কোম্পানি যুক্ত হচ্ছে আর পুরোনোদের মধ্য থেকে পাঁচটি কোম্পানি বাদ পড়ছে। ২১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসইএক্সে নতুন করে যেসব কোম্পানি যুক্ত হচ্ছে, সেগুলো হলো প্রিমিয়ার সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ও ওরিয়ন ফার্মা। ত্রৈমাসিক পর্যালোচনার ভিত্তিতে সূচকটিতে নতুন তিন কোম্পানি যুক্ত হতে যাচ্ছে। প্রতি তিন মাস পর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পুনর্বিন্যাস করা হয়।
নির্বাচিত কোম্পানির সমন্বয়ে গঠিত সূচক ডিএস ৩০-তে যে পাঁচটি কোম্পানি যুক্ত হচ্ছে, সেগুলো হলো উত্তরা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বাংলাদেশ সাবমেরিন কেব্ল ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। আর পুরোনো কোম্পানিগুলোর মধ্য থেকে যে পাঁচটি কোম্পানি বাদ পড়ছে, সেগুলো হলো মবিল যমুনা লুব্রিকেন্টস, কেয়া কসমেটিকস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পিপলস লিজিং ও ন্যাশনাল ব্যাংক। প্রতি ছয় মাস পর পর ডিএস ৩০ পুনর্গঠন করা হয়।
ডিএসইর নতুন এই দুটি সূচকই তৈরি করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের নিজস্ব মান ও পদ্ধতি অনুসরণ করেই ডিএসইর নতুন দুটি সূচক পুনর্বিন্যাস ও পুনর্গঠন করা হয়।