ডিএসইর নতুন লেনদেন ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে বিএসইসি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান লেনদেন ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় নতুন লেনদেন ব্যবস্থা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন এই লেনদেন ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়ে ডিএসইকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির পক্ষ থেকে মঙ্গলবার এই চিঠি দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী ‘প্রথম আলো’কে বলেন, সম্প্রতি ডিএসইর বিদ্যমান লেনদেন ব্যবস্থায় বেশ কয়েকবার ত্রুটি দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ডিএসইর পক্ষ থেকে নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার কারিগরি বিষয় পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান তিনি।
এদিকে বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ডিএসইর স্টেক হোল্ডারদের পক্ষ থেকে বর্তমান লেনদেন ব্যবস্থায় ঘন ঘন ত্রুটির অভিযোগ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিএসইসির পক্ষ থেকে নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। ৩০ জানুয়ারির মধ্যে এ-সংক্রান্ত অগ্রগতি বিএসইসিকে জানাতে বলা হয় ওই চিঠিতে।