ডিএসইর নতুন সংযোজন শরিয়াহ সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি শরিয়াভিত্তিক বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সংযুক্ত হলো শরিয়াহ ইনডেক্স (সূচক)। ‘ডিএসই বাংলাদেশ ব্রড শরিয়াহ ইনডেক্স’ নামের নতুন এই সূচকের যাত্রা আগামীকাল সোমবার থেকে শুরু হবে। বর্তমান ডিএসইএক্স সূচক ও ডিএসই-৩০ সূচকও যথারীতি চালু থাকবে।

আজ রোববার সন্ধ্যায় মতিঝিলে ডিএসইর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আহসানুল ইসলাম জানান, ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত কোম্পানির সমন্বয়ে এই সূচক গণনা করা হবে। যেসব বিনিয়োগকারী ইসলামি শরিয়াহ অনুযায়ী ব্যবসা অথবা বিনিয়োগ করতে চান তাঁদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এই সূচক চালু করা হচ্ছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বিশেষ করে ওআইসিভুক্ত দেশগুলোর বিনিয়োগ আকৃষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আহসানুল ইসলাম আরও জানান, আগামীকাল থেকে এই সূচক চালু হবে। এর ভিত্তি ধরা হবে এক হাজার পয়েন্ট। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের (এসঅ্যান্ডপি) মেথোডলজি অনুযায়ী শরিয়াহ সূচকটি গণনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসঅ্যান্ডপি ডাও জোনসের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপক মহাবীর কাসওয়া উপস্থিত ছিলেন।