ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে একক প্রার্থী মনোনীত করা হয়েছে।ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় গত রোববার একক প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক স্বপন কুমার বালাকে মনোনীত করা হয়। এর ফলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তিনিই ডিএসইর পরবর্তী সিইও হতে যাচ্ছেন।বর্তমানে ডিএসইর সিইও হিসেবে চলতি দায়িত্ব পালনকারী শুভ্র কান্তি চৌধুরী প্রথম আলোকে জানান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে নতুন সিইওর নিয়োগ চূড়ান্ত করা হবে।এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে সিইওর পদ থেকে পদত্যাগ করেন মোশাররফ এম হোসাইন। এর পর থেকে সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী সিইওর চলতি দায়িত্ব পালন করে আসছেন।এদিকে, সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে ডিএসই গত রোববার বিকেলে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। রাজধানীর মতিঝিলের ডিএসই কার্যালয়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।