গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা ছাড়াই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনজন সম্ভাব্য প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে ১৩ জন প্রার্থী অনাপত্তি চাইলেও গতকাল বুধবার ১০ জনকে ছাড়পত্র দেওয়া হয়।বাদ পড়া প্রার্থীরা হলেন ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী ও আনোয়ার সিকিউরিটিজের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন।কিন্তু কেন তাঁদের ছাড়পত্র দেওয়া হলো না, এ ব্যাপারে জানতে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সংযোগ বন্ধ পাওয়া যায়। পরে সদস্য মনসুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি কমিশনের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’তবে ডিএসই ও এসইসির একাধিক সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী হিসেবে চিহ্নিত করে রাজনৈতিক কারণেই তিনজনকে বাদ দেওয়া হয়েছে। ডিএসইর বর্তমান সভাপতি রকিবুর রহমানকে নির্বিঘ্নে নির্বাচনী বৈতরণী পার করে দিতেই সরকারের নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে এসইসি।একই লক্ষ্যে মাত্র কিছুদিন আগে এসইসি মেয়াদ শেষ হওয়ার পরের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রেখে ডিএসইর পরিবর্তিত সঙ্ঘস্মারকবিধিও অনুমোদন করেছে।আগের বিধি অনুযায়ী, কোনো সদস্য নির্বাচিত হওয়ার পর তিন বছর পরিচালনা পর্ষদে থাকতে পারতেন। পুনরায় নির্বাচিত হতে হলে তাঁকে নির্দিষ্ট সময় বিরতি দিয়ে নির্বাচনে অংশ নিতে হতো। কিন্তু নতুন বিধিতে মেয়াদ শেষ হওয়ার পরও রকিবুর রহমানের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।কিন্তু ডিএসইর অনেক সদস্যই মনে করেন, বিধি পরিবর্তন করার পরও নির্বাচনে জয়ের ব্যাপারে বর্তমান সভাপতি নিশ্চিত নন। এ কারণে জনপ্রিয় প্রতিদ্বন্দ্বী কমাতেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসইসিকে দিয়ে এ সিদ্ধান্ত জারি করা হয়েছে।উল্লেখ্য, এসইসি ১৪ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জের নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ন্যূনতম পাঁচ দিন আগে তাঁদের কাছ থেকে অনাপত্তি নেওয়ার আদেশ জারি করে। এ আদেশ মেনেই সম্ভাব্য প্রার্থীরা এসইসির কাছে অনাপত্তি চেয়েছিলেন।তবে প্রার্থীদের অনেকেই তখন আশঙ্কা প্রকাশ করেছিলেন, ডিএসইকে রাজনৈতিকীকরণের লক্ষ্যে সরকারের নির্দেশে এসইসি এমন একটি আদেশ দিয়েছে।এসইসির সিদ্ধান্তের ব্যাপারে বাদ পড়া প্রার্থী আহমেদ ইকবাল হাসানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনো কোনো চিঠি পাইনি। চিঠি হাতে পাওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’ একই মন্তব্য করেন আহমেদ রশীদ লালী।তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একাধিক সদস্য বলেন, এসইসি এর আগে কখনো এত প্রকাশ্যে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করেনি। বর্তমান এসইসি যা করল, তা ভবিষ্যতে পুঁজিবাজারের জন্য একটি খারাপ উদাহরণ হিসেবে থেকে যাবে।