ডিএসইর পদত্যাগী সিইওকে পর্ষদ সভায় ডাকা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পদত্যাগী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসাইনকে পরিচালনা পর্ষদের সভায় ডাকা হয়েছে। আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় সংস্থাটির পরবর্তী পর্ষদ সভায় উপস্থিত হয়ে তাঁকে পদত্যাগের বিষয়টি তুলে ধরতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিইওর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জরুরি এ সভা আহ্বান করা হয়। সভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী প্রথম আলোকে বলেন, ‘পদত্যাগের বিষয়ে সিইওর বক্তব্য জানার জন্য আগামী মঙ্গলবারের বোর্ড সভায় তাঁকে ডাকা হয়েছে। সভায় উপস্থিত হওয়ার জন্য এরই মধ্যে বোর্ডের পক্ষ থেকে তাঁর কাছে চিঠি পাঠানো হয়েছে।’গত বুধবার ডিএসইর সিইও মোশাররফ এম হোসাইন তাঁর পদত্যাগপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, পরিচালনা পর্ষদের সভায় গৃহীত হওয়ার পরই এই পদত্যাগ কার্যকর হয়। তবে গতকালের জরুরি সভায় তাঁর পদত্যাগপত্র গ্রহণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।