ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে সালমানের বিদায়
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ পদ থেকে বিদায় নিলেন সংস্থাটির মনোনীত পরিচালক বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। আজ মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় জানানো হয় বলে ডিএসই সূত্রে জানা যায়।নিয়ম অনুযায়ী তাঁর স্থলাভিষিক্ত হবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন সভাপতি ও স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এত দিন সালমান এফ রহমান বিএপিএলসির প্রতিনিধি ও সভাপতি হিসেবে ডিএসইর মনোনীত পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তপন চৌধুরী বিএপিএলসির নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় তিনিই এই পদে স্থলাভিষিক্ত হচ্ছেন।এ দিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স। আজ ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির তালিকাভুক্তি-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।