ডিএসইর পরিচালনা পর্ষদের চার শূন্য পদে নির্বাচন আজ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের চারটি শূন্যপদে আজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে নির্বাচনসংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।এরপর ১৬ মার্চ ঢাকায় হোটেল ওয়েস্টিনে ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সময় পরিচালকদের ভোটে পরিচালকদের মধ্য থেকে ডিএসইর সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হবেন।এদিকে চারটি পদের জন্য সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ফিনিক্স সিকিউরিটিজের এ কাদের চৌধুরী, বুলবুল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহুদুল হক বুলবুল, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম, গ্লোব সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর পরিচালনা পর্ষদে ২৪ জন সদস্য থাকে। এর মধ্যে ১২ জন সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। আর বাকি ১২ জনকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মনোনীত করা হয়। নির্বাচিত সদস্যরা পরপর তিন বছর পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করতে পারেন। এ হিসেবে প্রতিবছরই চারজন পরিচালকের পদ শূন্য হয়। আর এ চারটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এ কে এম রফিকুল ইসলাম, এম এ হোসেন ও এম কামাল উদ্দিন।