ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের চারটি শূন্য পদের নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হয়েছে।এতে নির্বাচিত চারজন প্রতিনিধি হলেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, মনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম ও গ্লোব সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান। আগামী তিন বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ২২৯ জন ভোটারের মধ্যে ১৯৪ জন এতে ভোট দেন। নির্বাচনের পর ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এ কে এম রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।ডিএসই সূত্রে জানা যায়, চারটি পদের জন্য মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ডিএসইর পরিচালনা পর্ষদে মোট ২৪ জন সদস্য থাকে। এর মধ্যে ১২ জন নির্বাচনের মাধ্যমে এবং ১২ জন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্ষমতাবলে নির্বাচিত হন। প্রতিবছরই চারজন পরিচালক অবসরে যান। এ চারটি শূন্য পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।১৬ মার্চ হোটেল ওয়েস্টিনে ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের পর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন।