ডিএসইর পাঁচ ব্রোকারেজ হাউসে চুরি হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য পাঁচ ব্রোকারেজ হাউস বা ট্রেক হোল্ডার কার্যালয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে চুরি হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে টোটাল কমিউনিকেশনস, ঔষুধি সিকিউরিটিজ, খুরশিদ আলম সিকিউরিটিজ, কাইয়ূম সিকিউরিটিজ ও আল মুনতাহা সিকিউরিটিজ।
রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের উল্টো পাশে মধুমিতা ভবনের ছয় ও সাততলায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ের দরজা ভেঙে চুরি করা হয়েছে বলে একাধিক প্রতিষ্ঠানের মালিক জানিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা গতকাল সকালে কার্যালয়ে গিয়ে চুরির ঘটনা বুঝতে পারেন।
এর মধ্যে একাধিক প্রতিষ্ঠান ও ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর কার্যালয় থেকে নগদ টাকা, চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। ওই ভবনে এই পাঁচটি ছাড়া আরও অনেক ব্রোকারেজ হাউসের কার্যালয় রয়েছে।
ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো ব্রোকারেজ হাউস নামে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক বা ডিমিউচুয়ালাইজেশনের পর এসব প্রতিষ্ঠানের নামকরণ হয় ‘ট্রেক হোল্ডার’ (টিআরইসি-ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বা লেনদেনের সনদধারী প্রতিষ্ঠান)।
জানতে চাইলে আল মুনতাহা সিকিউরিটিজের চেয়ারম্যান আকবর কবীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের কার্যালয় থেকে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা চুরি হয়েছে।
এ ছাড়া কার্যালয়ে বেশ কিছু আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে মতিঝিল থানায় এজাহার দায়ের করা হয়েছে।’ তিনি আরও জানান, সকালে কর্মকর্তারা কার্যালয়ে গিয়ে এ ঘটনা জানতে পারেন। এরপরই তা ডিএসইকে অবহিত করা হয়।
খুরশিদ আলম সিকিউরিটিজের মহাব্যবস্থাপক আবদুল বারী প্রথম আলোকে জানান, তাঁদের কার্যালয় থেকে নগদ ৩৫ হাজার টাকা চুরি হয়েছে। বেশ কিছু আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে।