ডিএসইর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার প্রথম আলোর অনলাইনে ‘গ্রামীণফোনের শেয়ার লেনদেন স্থগিত’ শীর্ষক সংবাদটির প্রতিবাদ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রামীণফোনের শেয়ার লেনদেন স্থগিত” শীর্ষক সংবাদটি ডিএসই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, গ্রামীণফোনের শেয়ার লেনদেন আজ সোমবার দুপুর ১২টার দিকে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সার্কিট ব্রেকার বা দর বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছানোয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলোর মতো সর্বাধিক জনপ্রিয় পত্রিকার অনলাইন সংস্করণে এ ধরনের সংবাদ পরিবেশন অত্যন্ত দুঃখজনক। কারণ এ ধরনের ভিত্তিহীন সংবাদ বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি পুঁজিবাজারকে অস্থিতিশীল করে তোলে।’প্রতিবেদকের বক্তব্য: ‘গ্রামীণফোনের লেনদেন স্থগিত’ শীর্ষক সংবাদটিতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সার্কিট ব্রেকারে পৌঁছানোর কথা উল্লেখ রয়েছে। তবে ‘পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (এসইসি) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করেছে’ বলে যে বাক্যটি ব্যবহূত হয়েছে, তা অনিচ্ছাকৃত ভুল। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।