ডিএসইর প্রেসিডেন্ট পদে শাকিল রিজভী পুর্ননির্বাচিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী। গতকাল বুধবার রাতে হোটেল ওয়েস্টিনে আয়োজিত ডিএসইর নির্বাচনে পরিচালকদের ভোটে তিনি নির্বাচিত হন। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আহসানুল ইসলাম জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মো. শাহজাহান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।এর আগে প্রতিষ্ঠানটির ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. শাকিল রিজভী। এজিএমে ২০০৯-১০ অর্থবছরের পরিচালনা পর্ষদের প্রতিবেদন গ্রহণ, বিবেচনা ও ৩০ জুন ২০১০-এ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ, বিবেচনা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।এ ছাড়া ১৩ মার্চ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমে বোর্ডে নতুন চার সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা হলেন—আহমেদ রশিদ, আহসানুল ইসলাম, আজিজুর রহমান ও মো. মিজানুর রহমান খান।এজিএমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—এম এ হাসেম, আহমেদ রশিদ, মো. জহিরুল ইসলাম, এম এ মোতালেব চৌধুরী, মো. আব্দুল আওয়াল, মো. রফিকুল ইসলাম, এ এস শাহুদুল হক প্রমুখ। সভায় ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র উপস্থিত ছিলেন।শাকিল রিজভী আগামী দিনগুলোতে পুঁজিবাজার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।