ডিএসইর বার্ষিক সভা ১৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এর আগে ১০ জুন পরিচালনা পর্ষদের চার পরিচালকের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।রীতি অনুযায়ী, দীর্ঘদিন ধরে মার্চ মাসে নির্বাচন ও এজিএম অনুষ্ঠিত হলেও স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়াকে সামনে রেখে এবার তা জুন মাসে স্থানান্তর করা হয়েছে।জানা গেছে, স্টক এক্সচেঞ্জটির সংঘস্মারক অনুযায়ী, আগামী জুনের মধ্যে এজিএম অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সংঘস্মারকে বলা আছে, একটি এজিএম অনুষ্ঠানের ১৫ মাসের মধ্যে পরবর্তী এজিএম সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী, এ বছরের এজিএম অনুষ্ঠানের জন্য জুন মাস পর্যন্ত আইনিভাবেই সময় পাচ্ছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। কারণ, গত বছর স্টক এক্সচেঞ্জটির এজিএম অনুষ্ঠিত হয়েছিল মার্চ মাসে।যোগাযোগ করা হলে ডিএসইর সভাপতি রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়াকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম, মার্চ মাসের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন আইনটি চূড়ান্ত হবে। সেটি হলে এমনিতেই পর্ষদ ভেঙে যেত; কিন্তু সেটি হয়নি। তাই জুন মাসে নির্বাচন ও এজিএমের দিন ঠিক করা হয়েছে।’রকিবুর রহমান আরও বলেন, ‘আইন অনুযায়ী একটি এজিএম সম্পন্ন হওয়ার পর পরবর্তী এজিএম অনুষ্ঠানের জন্য ১৫ মাস সময় আমাদের হাতে রয়েছে। সেই সময়ের মধ্যে এজিএম অনুষ্ঠিত হবে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।’ডিএসইর পরিচালনা পর্ষদে বর্তমানে ১২ জন নির্বাচিত সদস্য রয়েছেন। এঁদের মধ্যে এ বছর চারজনের পদ শূন্য হচ্ছে। তাঁরা হলেন বর্তমান সভাপতি রকিবুর রহমান, আহমেদ ইকবাল হাসান, খাজা গোলাম রসুল ও শরীফ আতাউর রহমান। এই চার পরিচালকের শূন্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া শুরু হলে পরিচালনা পর্ষদের গঠন-প্রক্রিয়াতেও পরিবর্তন আসবে।