ডিএসইর বার্ষিক সভায় বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তর্ক-বিতর্কের মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন ও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আহসানুল ইসলাম নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ শাহজাহান ও মিজানুর রহমান খান। তবে সভার শুরুতেই ওয়াকআউট করেন সদ্য বিদায়ী ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী। তবে অপর ১১ নির্বাচিত পরিচালক সবাই উপস্থিত ছিলেন।সভা থেকে বেরিয়ে এসে আহমেদ রশীদ লালী সাংবাদিকদের বলেন, ‘সভাপতি নির্বাচনে পর্ষদ বিভক্ত। এ ক্ষেত্রে কোনো মতৈক্য হয়নি। কিন্তু দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী সভাপতি নির্বাচনের আগেই এ নিয়ে পরিচালকদের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়। এবার তার ব্যত্যয় ঘটেছে। এর প্রতিবাদে আমি সভা থেকে ওয়াকআউট করেছি।’ডিএসইর একাধিক পরিচালক বলেছেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই সভাপতি, ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এ ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। নিজের পক্ষে কোনো সমর্থন না পেয়ে আহমেদ রশীদ লালী ওয়াকআউট করেন।পরিচালনা পর্ষদের সভা শেষে ডিএসইর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এম এ হাশেম নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।এদিকে ডিএসইর সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় সংস্থাটির একাধিক সদস্য বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। পরিচালনা পর্ষদ থেকে ডিএসইর নির্বাচিত পরিচালকদের অবসরের পর সম্মানী হিসেবে এককালীন অর্থ প্রদানের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এক সদস্য। জবাবে সংস্থাটির সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে। এ সময় অপর এক সদস্য সভাকে জানান, যিনি এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, তিনি নিজেও অতীতে এই অর্থ নিয়েছেন।জানা গেছে, এ বছর যেসব নির্বাচিত পরিচালক অবসরে গেছেন, তাঁদের প্রত্যেককে এককালীন চার লাখ টাকা করে দেওয়া হয়েছে। তবে একজন পরিচালক এই অর্থ গ্রহণ করেননি। এর বাইরে সংস্থাটির অনির্বাচিত পরিচালকদের প্রত্যেককে একটি বোর্ডসভায় উপস্থিতির জন্য পাঁচ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।সম্প্রতি পরিচালক নির্বাচনে পরাজিত এক সদস্য ডিএসইর তহবিলের অর্থ স্থায়ী আমানতের (এফডিআর) বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, পরিচালনা পর্ষদের এক সদস্য স্থায়ী আমানতের সুযোগ দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে কমিশন নিয়েছেন। এ সময় অভিযোগ উত্থাপনকারীর কাছ থেকে প্রমাণ দাবি করেন সভায় উপস্থিত একাধিক সদস্য।এ ছাড়া আলোচনায় উঠে আসে সংস্থাটির তহবিলে সংরক্ষিত অর্থে জমি কেনার বিষয়ও। অনেক সদস্য ডিএসইর আর্থিক প্রতিবেদন, সংস্থাটির অর্থে সদস্যদের বিদেশ সফরসহ আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন।উত্থাপিত বিভিন্ন অভিযোগের পর সভায় সর্বসম্মতিক্রমে ডিএসইর বিগত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সভার শুরুতে নতুন চার পরিচালককে আনুষ্ঠানিকভাবে পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়।