ডিএসইর বার্ষিক সাধারণ সভা ১৫ মার্চ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার পরিচালক পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর ১৫ মার্চ প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা শেষে (এজিএম) নির্বাচিত পরিচালকদের ভোটে নতুন পরিচালনা পর্ষদ গঠিত হবে।গত সপ্তাহে ডিএসইর বর্তমান পরিচালনা পর্ষদের সভায় আগামী ১৫ মার্চ সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়। একই সভায় চার পরিচালক পদে নির্বাচন পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডিএসইর পরিচালক আবুল হাসেমকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অপর দুই সদস্য হলেন সংস্থাটির পরিচালক ওয়াকারুজ্জামান ও সদস্য এম কামালউদ্দিন। পাশাপাশি নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য তিন সদস্যের একটি আপিল বোর্ডও গঠন করা হয়েছে। এম আকবরী আলীকে প্রধান করে গঠিত আপিল বোর্ডের অন্য দুই সদস্য হলেন ডিএসইর পরিচালক এ কে এম রকিফুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস।ডিএসই সূত্র জানায়, এ বছরই সংস্থাটির চার পরিচালকের মেয়াদ শেষ হচ্ছে। তাঁরা হলেন বর্তমান সভাপতি শাকিল রিজভী, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ও আবদুল হক। এই চার পদে ১১ মার্চ সদস্যদের ভোটে নতুন পরিচালক নির্বাচিত হবেন। অবশ্য নিয়ম অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ চার পরিচালকও চাইলে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে।যোগাযোগ করা হলে ডিএসইর বর্তমান সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ১১ মার্চ চার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১৫ মার্চ এজিএম শেষে নির্বাচিত ১২ পরিচালকদের মধ্য থেকে নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি হবেন।পরিচালক হিসেবে নিজের মেয়াদ শেষ হয়ে গেলেও এ বছর আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন শাকিল রিজভী।নিয়ম অনুযায়ী, মোট ২৪ জন পরিচালক নিয়ে ডিএসইর পরিচালনা পর্ষদ গঠিত হয়। এর মধ্যে ১২ পরিচালক সংস্থাটির সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন। বাকি ১২ জন পরিচালককে পদাধিকারবলে মনোনীত করা হয়। যাঁদের মধ্যে ব্যবসায়ী নেতা, সরকারি প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী প্রতিনিধি ও সাধারণ বিনিয়োগকারীর প্রতিনিধি থাকেন।এ ছাড়া নির্বাচিত প্রত্যেক পরিচালকের মেয়াদ তিন বছর। তবে প্রতিবছর চারজন করে নির্বাচিত পরিচালক অবসরে যান।