ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মহাব্যবস্থাপক খন্দকার আসাদ উল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর চাকরিবিধি এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর ধারা লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য ডিএসইকে নির্দেশ দেয়। বিএসইসির এক তদন্তে তাঁর বিরুদ্ধে আইন লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে। ওই তদন্তের ভিত্তিতে বিএসইসি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী ডিএসই পর্ষদ সভায় আসাদ উল্লাহকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক পরিচালক প্রথম আলোকে জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে দুই সদস্যের অভ্যন্তরীণ একটি কমিটি গঠন করা হয়েছে। ডিএসইর অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক জীবন চন্দ্র দাস ও বাজার উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক সামিউল ইসলামের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।
অবশ্য ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে সরকার গঠিত তদন্ত কমিটির কাজে সহায়তা করেছিলেন আসাদ উল্লাহ। তিনি তখন ডিএসইর মনিটরিং বিভাগে কর্মরত ছিলেন। তদন্ত কমিটির চাহিদা অনুসারে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার কারসাজি ও অনিয়মের তথ্য কমিটিকে সরবরাহ করেন। এসব তথ্য বাজার ধসে জড়িত ব্যক্তিদের চিহ্নিতকরণে বিশেষ সহায়ক হয়। এ কারণে বাজারের একটি প্রভাবশালী অংশ আসাদ উল্লাহর ওপর ক্ষুব্ধ হয়।