ডিএসইর মূল্যসূচক আবার পাঁচ হাজার পয়েন্ট ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারের মূল্যসূচক ও লেনদেনে গতকাল বুধবারও ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল আবারও পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সে সঙ্গে ঢাকার বাজারে গতকাল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ছাড়িয়ে গেছে সাড়ে ১৪ হাজার পয়েন্ট। একই সঙ্গে দিন শেষে সিএসইতে লেনদেন ৮০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক—উভয় শ্রেণীর বিনিয়োগকারীরা সক্রিয় হয়ে ওঠায় লেনদেনের পরিমাণ বাড়ছে। বাজারের জন্য এটি ইতিবাচক একটি দিক। বাজারের বর্তমান ধারা অব্যাহত থাকলে লেনদেনের পরিমাণ আরও বাড়বে।আগের দিনের ধারাবাহিকতায় গতকালও মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করে। এরপর সূচক কিছুটা নিম্নমুখী হয় এবং পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে আসে। দুপুর ১২টার পর সূচক আবারও বাড়তে শুরু করে। এর পর থেকে লেনদেন শেষ হওয়া পর্যন্ত সেটি আর পাঁচ হাজারের নিচে নামেনি।দিন শেষে গতকাল ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০০ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৯ পয়েন্টে। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৫ জানুয়ারি ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের ওপরে ছিল। সে হিসাবে প্রায় আড়াই মাসের ব্যবধানে সাধারণ সূচক আবারও পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।বাজারের আচরণ সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গতকালের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে নতুন তারল্য আসতে শুরু করেছে। এ কারণে কয়েক দিন ধরে লেনদেনে ঊর্ধ্বগতি বজায় রয়েছে। সূচকের একেকটি মনস্তাত্ত্বিক সীমা বা স্তর অতিক্রমের সঙ্গে সঙ্গে বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও বাড়ছে।ঢাকার বাজারে গতকাল দিন শেষে প্রায় ৮২১ কোটি টাকার লেনদেন হয়। চলতি বছরের মধ্যে এটি এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। এর আগে সর্বশেষ ২০১১ সালের ২৩ নভেম্বর ডিএসইতে এক হাজার ৫১ কোটি টাকার লেনদেন হয়েছিল।ঢাকার বাজারে গতকাল ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ারের দাম। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ৬৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে ৩১৯ পয়েন্ট বা ২ দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২০ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারের দাম। গতকাল চট্টগ্রামের বাজারে প্রায় ৮৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি।