শেয়ারবাজারে দরপতন চলছেই। গতকাল সোমবারও দুই স্টক এক্সচেঞ্জের সব কটি সূচকই কমেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারে বিনিয়োগকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতার জের ধরে বাজারে এই দরপতন ঘটছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় দেড় শতাংশ বা ৭১ পয়েন্ট কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ১ দশমিক ৮৪ শতাংশ বা ২৫২ পয়েন্ট কমেছে।দরপতনের প্রতিবাদে গতকালও রাজধানীর মতিঝিলে ডিএসইর সামনের সড়কে বিনিয়োগকারীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। এ কারণে ওই এলাকায় বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দিনের লেনদেনের শুরু থেকেই দুই বাজারে মূল্যসূচকের ব্যাপক উত্থান-পতন ঘটেছে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক নেমে এসেছে প্রায় চার হাজার ৬৩৯ পয়েন্টে। গত প্রায় দুই বছরের মধ্যে এটিই ডিএসইর সাধারণ মূল্যসূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১০ সালের ৩ জানুয়ারি সর্বশেষ ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৫৬৮ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। তবে ২০১১ সালের ১৫ নভেম্বর এটি চার হাজার ৬৪৯ পয়েন্টে নেমেছিল। চট্টগ্রামের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে নেমে এসেছে প্রায় ১৩ হাজার ৪২৮ পয়েন্টে। দুই বাজারে সোমবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে ৬৯ শতাংশ এবং সিএসইতে প্রায় ৮০ শতাংশেরই দাম কমেছে। ঢাকার বাজারে সোমবার মূল্যসূচকের পতন দিয়েই লেনদেন শুরু হয়। যদিও প্রথম পাঁচ মিনিট পর তা ঊর্ধ্বমুখী হয়। ১৫ মিনিটের মাথায় সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৩১ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৪১ পয়েন্টে ওঠে। এরপর আবার সূচকের পতন ঘটতে থাকে, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। মূল্যসূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও কমে গেছে। সোমবার দিন শেষে ঢাকার বাজারে প্রায় ২৩৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫২ কোটি টাকা কম। ডিএসইতে এ দিন ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৭৮টিরই দাম কমেছে, বেড়েছে ৬৩টির আর অপরিবর্তিত ছিল ১৬টি কোম্পানির শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে গ্র্রামীণফোন, বেক্সিমকো, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, ন্যাশনাল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ফু ওয়াং সিরামিকস, বিকন ফার্মা ও বিএসআরএম স্টিল।চট্টগ্রামের বাজারে এ দিন প্রায় ৩৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। সিএসইতে গতকাল ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টিরই দাম কমেছে, বেড়েছে ২৬টির আর অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির শেয়ারের দাম।