ডিএসইর মূল্যসূচক পাঁচ মাসের ব্যবধানে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত দরপতনে গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক নেমে এসেছে প্রায় চার হাজার ১৪৫ পয়েন্টে। গত পাঁচ মাসের ব্যবধানে এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি ডিএসইর সাধারণ সূচক প্রায় চার হাজার ১১ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে সাধারণ মূল্যসূচক গতকাল সোমবার এক দিনেই প্রায় তিন শতাংশ বা ১২৮ পয়েন্ট কমেছে। একই সঙ্গে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২ দশমিক ৬৪ শতাংশ বা ৩৪৩ পয়েন্ট। এর ফলে সিএসইর সার্বিক সূচক গত চার মাসের ব্যবধানে আবারও সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গতকাল দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৬৩২ পয়েন্টে। সর্বশেষ গত ১২ মার্চ এই বাজারের সার্বিক সূচক প্রায় ১২ হাজার ৫৬৫ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। এর আগে ২ জুলাই চলতি অর্থবছরের (২০১২-১৩) প্রথম কার্যদিবসে দুই বাজারে বড় ধরনের দরপতন ঘটেছিল। ওই দিন ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ১৯০ পয়েন্ট এবং সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ৪৪৯ পয়েন্ট কমেছিল। দুই বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে ৯০ শতাংশের এবং সিএসইতে ৯৪ শতাংশেরই দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, ‘বর্তমান বাজারে প্রধান দুটি সমস্যা বিরাজমান। প্রথমটি হলো বাজারের ওপর সাধারণ বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের চরম ঘাটতি; আর দ্বিতীয়টি হলো তারল্য বা টাকার সংকট। বাজারের ওপর সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে লেনদেনের পরিমাণ বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই। আর লেনদেন তখনই বাড়বে, যখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বা সম্পৃক্ততা বাড়বে।’সান্নামাত আরও বলেন, ‘বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের বিপরীতে যে সুদের হার রয়েছে সেটি অব্যাহত থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষে তারল্যসংকট দূর করা অনেকটাই দুরূহ হবে। বাজারের তারল্য পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে আমানতের সুদের হার একক অঙ্কের ঘরে নামিয়ে আনতে হবে।’ এদিকে বড় ধরনের দরপতনের মধ্যেও গতকাল দুই বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দুপুরের পর থেকে সূচক দ্রুত পড়তে থাকে। ডিএসইতে গতকাল ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯০ শতাংশ বা ২৪১টিরই দাম কমেছে, বেড়েছে ২০টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬৫ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৯ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এদিন ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৪ শতাংশ বা ১৬৮টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি।