ডিএসইর মূল্যসূচক পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমলেও মূল্যসূচক বৃদ্ধির ধারা গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনেও অব্যাহত ছিল। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল দিনশেষে সাধারণ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫৭৮ পয়েন্ট অতিক্রম করেছে।শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের পর গত পাঁচ মাসে এটিই সর্বোচ্চ সূচক। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ডিএসইতে সূচক ছয় হাজার ৭১৯ পয়েন্ট ছিল।বাজার বিশ্লেষকেরা অবশ্য বলছেন, গত চার মাসে বাজারে নতুন কোম্পানি ছাড়াও রাইট ও বোনাসের মাধ্যমে প্রচুর শেয়ার যুক্ত হয়েছে। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের তুলনায় সূচক আসলে কমই আছে।বাজার বিশ্লেষকেরা আরও বলেন, সূচক নিয়ে চিন্তিত না হয়ে দেখতে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী কারসাজির মাধ্যমে নির্দিষ্ট কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত করে যেন মুনাফা লুটে নিতে না পারে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ডিএসই ও সিএসইর (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) নজরদারি আরও বাড়াতে হবে।সূচক বাড়ার পাশাপাশি স্টক এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও বেশ খানিকটা বেড়েছে। ডিএসইতে গতকাল এক হাজার ৬৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০৩ কোটি টাকা বেশি। আর এই লেনদেন গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এক হাজার ৭৮৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক দিন টানা মূল্য বৃদ্ধির কারণে সপ্তাহের শেষ দিন এসে অনেক বিনিয়োগকারীই ব্যাংকিং খাতবহির্ভূত কোম্পানির শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে চেয়েছেন। এ কারণে বেশির ভাগ শেয়ারের বিক্রির চাপ বেড়ে যাওয়ায় দাম কমেছে। বিপরীত দিকে ব্যাংকিং খাতের শেয়ারের দাম ছিল বাড়তির দিকে।লেনদেন বৃদ্ধি সম্পর্কে তাঁরা বলেন, বেশ কিছু দিন ধরে বাজার বাড়তে থাকায় অনেকে ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করেছেন। ফলে লোকসানের কারণে স্থবির হয়ে থাকা বিনিয়োগ হিসাবগুলো আবার সচল হচ্ছে। তার মানে, যাঁরা এত দিন লেনদেনে সক্রিয় হতে পারছিলেন না, তাঁরা আবার সক্রিয় হতে শুরু করেছেন। এসব কারণেই লেনদেন বাড়ছে।বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত ছিল ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৭১ পয়েন্ট ছাড়িয়েছে। সিএসইতে হাতবদল হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১১টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ১৬৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।