ডিএসইর মূল্যসূচক ১৩ মাসের সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন চলছেই। তারই ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৩ মাসের ব্যবধানে আবারও সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গতকাল বুধবার দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে নেমে এসেছে তিন হাজার ৭৪৯ পয়েন্টে। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারির পর এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। গত বছরের ৬ ফেব্রুয়ারি সর্বশেষ ডিএসইর সাধারণ সূচক নেমেছিল তিন হাজার ৬১৬ পয়েন্টে। এদিকে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে বড় ধরনের দরপতনের পূর্বাভাস দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম কয়েক ঘণ্টায় মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকাটিই ছিল অসম্পূর্ণ। যদিও দিন শেষে এই তালিকাটি পরিপূর্ণতা পেয়েছে। এদিন ডিএসইর সাধারণ সূচক ১ দশমিক ৮১ শতাংশ বা ৬৯ পয়েন্ট কমে গেছে। আর নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স ২ দশমিক ২৩ শতাংশ বা ৮৩ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৬৪৩ পয়েন্টে। গত ২৭ জুন নতুন সূচকটি চালু হওয়ার পর গতকাল সেটি সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।বাজারের এই অবস্থায় চরম আস্থাহীনতায় ভুগছেন বর্তমানে সক্রিয় বিনিয়োগকারীরা। ধারাবাহিক পতনের কারণ নিয়ে বিভিন্ন মহলে নানা বিভ্রান্তি থাকলেও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা অন্যান্য বিদ্যমান কারণের সঙ্গে রাজনৈতিক অস্থিরতাকেও বড় করে দেখছেন। জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম নিয়ে যা ঘটেছে, এখন তারই জের চলছে বাজারে। এর সঙ্গে অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা।’শাকিল রিজভী বলেন, পুঁজিবাজারে একদল বিনিয়োগকারী আছে, যারা শুধু আইপিও শেয়ারে আবেদন করে। যখন সেটি বাজারে তালিকাভুক্ত হয়, তার কয়েক দিনের মধ্যেই তারা আইপিওতে পাওয়া শেয়ার বিক্রি করে সেকেন্ডারি বাজার থেকে টাকা তুলে নিয়ে যায়। সেকেন্ডারি বাজারে তারা নিয়মিত লেনদেন করে না। ফলে সাম্প্রতিক সময়ে যেটি ঘটেছে তাতে দেখা যাচ্ছে, সেকেন্ডারি বাজারের নিয়মিত লেনদেনকারীরা শুরুতেই অস্বাভাবিক দামে নতুন কোম্পানিগুলোর শেয়ার কেনেন। পরে এসব কোম্পানির শেয়ারের দামের ব্যাপক দরপতন ঘটলে তাঁরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। এখন এসে অনেকে হয়তো হাতে থাকা অন্য শেয়ার বিক্রি করে লোকসান কমানোর চেষ্টা করছেন। যার প্রভাব পড়ছে পুরো বাজারে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বাজারে যে অবস্থা বিরাজ করছে সেখান থেকে বাজারের উন্নতি ঘটাতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু দেশের সামগ্রিক অবস্থা যা, তাতে প্রতিষ্ঠানগুলোর সামনে বিনিয়োগে এগিয়ে আসার চেয়ে হাত গুটিয়ে বসে থাকার মতো পরিস্থিতি বিরাজ করছে। তার পরও বাজারে কিছু লেনদেন হচ্ছে। কারণ নিয়মিত কিছু লেনদেনকারী বাজারে আছেন নিজেদের প্রয়োজনেই যাঁদের লেনদেন করতে হয়।’ ঢাকার বাজারে বুধবার ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৩১টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪২ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে নয় কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২ দশমিক ৪৫ শতাংশ বা ২৮৪ পয়েন্ট কমে নেমে এসেছে ১১ হাজার ৩৪২ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১০টির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৮ লাখ টাকা বেশি।