ডিএসইর মোট লেনদেনের ১৪ শতাংশই হলো লাফার্জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতের শেয়ারের ওপর ভর করে গতকাল বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও উভয় বাজারেই লেনদেনের পরিমাণ কমেছে।
এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৯৪ পয়েন্টে উঠেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৫ পয়েন্ট।
লাফার্জ ও হোলসিমের একীভূত হওয়ার খবরে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্টের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকালও দিন শেষে ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৪ শতাংশ বা দুই টাকা ৬০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ টাকা ৫০ পয়সা। পাশাপাশি এদিন লেনদেনের শীর্ষস্থানে ছিল এটি। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের মূল্য ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
ডিএসইতে এদিন লাফার্জ সুরমা সিমেন্টের প্রায় ৭৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা এই বাজারের মোট লেনদেনের
প্রায় ১৪ শতাংশ। এদিন ঢাকার বাজারে প্রায় ৫৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
এদিকে ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ব্যাংকিং খাতের ২৯ কোম্পানির মধ্যে ২৩টিরই দাম বেড়েছে। কমেছে চারটির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে ছয়টিই ছিল এ খাতের।
ডিএসইতে গতকাল ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত ছিল ২৬টির। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা কমেছে।
চট্টগ্রামের বাজারে এদিন ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১০২টির, বেড়েছে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ২৩টির। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।