ডিএসইর যান্ত্রিক ত্রুটিতে লেনদেনে সমস্যা
লেনদেন যন্ত্রের ত্রুটির কারণে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশ কিছু ব্রোকারেজ হাউস স্বাভাবিক লেনদেন করতে পারেনি। সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতেই এ সমস্যা দেখা দেয়। ফলে বেশ কিছু ব্রোকারেজ হাউসের শেয়ার কেনাবেচা বিঘ্নিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এ সমস্যা ছিল। এতে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেনও কমে যায়। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকা কম।
এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেনে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। এর আগে সর্বশেষ ২২ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা বিলম্বে লেনদেন শুরু হয়। ওই ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে ডিএসইর কাছে লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হয়।