ডিএসইর লেনদেন আবার ২০০ কোটি টাকার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারেই লেনদেন আগের দিনের চেয়ে বেশ কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেন আবারও ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে, গত দেড় মাসের ব্যবধানে যা সর্বনিম্ন। দরপতন দিয়েই দেশের শেয়ারবাজারে সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ঢাকার বাজারের সাধারণ সূচক প্রায় ২৩ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৯১৪ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার ৮৩৩ পয়েন্টে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮৫ পয়েন্টে। বড় ধরনের দরপতনের পূর্বাভাস দিয়েই এদিন ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম এক ঘণ্টার মধ্যেই ডিএসইর সাধারণ সূচক কমে যায় প্রায় ৫৮ পয়েন্ট। এ সময় একপর্যায়ে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মূল্যবৃদ্ধির তালিকায় ছিল মাত্র আটটি কোম্পানি। কিন্তু পরবর্তী সময়ে অবস্থার উন্নতি ঘটে। ফলে আরেক দফা বড় দরপতনের ঘটনা ঘটেনি। বাজারসংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আবারও কিছুটা আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে। জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, বাজার এখনো নতুন তালিকাভুক্ত কোম্পানিনির্ভর। যেটি বাজারের সামগ্রিক অবস্থার জন্য মোটেই ভালো নয়। নতুন কোম্পানিকে ঘিরে বাজার আবর্তিত হওয়ার কারণে পুরোনো ও ভালো মৌলভিত্তির অনেক শেয়ারের দরপতন ঘটছে। মাশরিব জাহিদ আরও বলেন, টানা দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী দৈনন্দিন লেনদেনে অংশ নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে। এ কারণে অনেকে হয়তো প্রতিদিনের লেনদেনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। সাধারণত বাজারে টানা দরপতন ঘটতে থাকলে লেনদেনেও তা নেতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, গতকাল সূচকের পতনে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোন ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। এদিকে লেনদেনের দ্বিতীয় দিনে এসেই দরপতন ঘটল নতুন তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসের। ডিএসইতে লেনদেনের প্রথম দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৪০০ শতাংশ বেড়েছিল। আর গতকাল বৃহস্পতিবার প্রতিটি শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ কমে গেছে। পাশাপাশি লেনদেনেও কোম্পানিটির আধিক্য কমে গেছে। এদিন কোম্পানিটি ডিএসইতে একক কোম্পানি হিসেবে লেনদেনে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। যদিও প্রথম দিন এটি লেনদেনের শীর্ষে ছিল।ঢাকার বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৯ কোটি টাকা কম। গত ২৩ জানুয়ারির পর এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। সর্বশেষ ২৩ জানুয়ারি ১৬২ কোটি টাকার লেনদেন হয়েছিল। এর পর তা আর ২০০ কোটির নিচে নামেনি। চট্টগ্রামের বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম।