ডিএসইর লেনদেন আবার ৬০০ কোটি টাকা ছাড়াল
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে আবার দরপতন ঘটেছে। তবে লেনদেন বেড়েছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এ দিন ৪২ পয়েন্ট কমেছে। তবে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১০০ পয়েন্ট। আর লেনদেন ছাড়িয়েছে ৭০ কোটি টাকা। লেনদেনের প্রথম এক ঘণ্টায় দুই বাজারে মূল্যসূচকের কিছুটা উত্থান-পতন থাকলেও দুপুর ১২টার পর থেকে সূচক বাড়তে থাকে। কিন্তু লেনদেনের শেষ ঘণ্টায় গিয়ে হঠাৎ করে সূচকের পতন শুরু হয়। ফলে দিন শেষে দুই বাজারের সূচক ঋণাত্মক ছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রথম ঘণ্টায় মুনাফা তুলে নেওয়ার চাপে বাজারে শেয়ারের দামের সঙ্গে সূচকেরও কিছুটা উত্থান-পতন ঘটে। কিন্তু শেষ ঘণ্টায় গিয়ে হঠাৎ করে সূচক কমতে থাকে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টিকে ঘিরে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের শঙ্কা তৈরি হয়। দুপুরের পর বাজারে গুজব ছড়িয়ে পড়ে—পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করছে না। এ ধরনের খবর বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে বলে কেউ কেউ মনে করছেন। যদিও সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আগামীকাল বুধবার পদ্মা সেতুর বিষয়ে বিবৃতি দেবেন।’ আইডিএলসি ইনভেস্টমেন্টসের গবেষণা প্রতিবেদনেও দরপতনের কারণ হিসেবে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নকে ঘিরে নতুনভাবে তৈরি হওয়া শঙ্কার বিষয়টি উল্লেখ করা হয়।তবে যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টির সঙ্গে শেয়ারবাজারের সরাসরি কোনো সম্পর্ক নেই। ফলে অর্থায়নের জটিলতার কারণে বাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়ার যৌক্তিক কোনো কারণ আছে বলে আমি মনে করি না। হতে পারে একশ্রেণীর বিনিয়োগকারী নিজেদের স্বার্থে বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন। আর সাধারণ বিনিয়োগকারীরা তাতে প্রতিক্রিয়া দেখাচ্ছেন।’ মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘দরপতন হলেও ঈদের ছুটির পর লেনদেনের বেশ উন্নতি হয়েছে। এটি বাজারের জন্য ইতিবাচক দিক। এখনকার বাজারে ৬০০ কোটি টাকার লেনদেন, আগেকার সময় দেড় হাজার কোটি টাকার লেনদেনের সমতুল্য। কারণ, এখন শেয়ারের দাম অনেক কম।’এদিকে ঢাকার বাজারের মূল্যসূচক সোমবার লেনদেনের একপর্যায়ে চার হাজার ৪০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত সেটি স্থায়ী হতে পারেনি। দিন শেষে সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৪১ পয়েন্টে। এ দিন ঢাকার বাজারে ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৭টিরই দাম কমেছে, বেড়েছে ৯৯টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১০৪ কোটি টাকা বেশি। শুধু তাই নয়, গত ২৫ এপ্রিলের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। ওই দিন সর্বশেষ ডিএসইতে ৭৫৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। চট্টগ্রামের বাজারে এই দিন ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৪টিরই দাম কমেছে, বেড়েছে ৭২টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৯৮ পয়েন্টে। এই দিন সেখানে প্রায় ৭২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা বেশি।