ডিএসইর লেনদেন এবার ৩৫০ কোটি টাকার নিচে নামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৩৫০ কোটি টাকার নিচে নেমে এসেছে। লেনদেন কমলেও গতকাল সোমবার দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে সাড়ে চার হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ দিন সূচক বেড়েছে।ধারাবাহিকভাবে লেনদেন কমে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণই বলতে পারছেন না বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। চলতি মাসের শুরুতেও ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু ৪ অক্টোবর থেকে লেনদেন কমতে শুরু করে। গতকাল দিন শেষে তা প্রায় ৩৪১ কোটি টাকায় নেমে এসেছে। এর আগে সর্বশেষ গত ১৩ আগস্ট ডিএসইতে সর্বনিম্ন প্রায় ২৭৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও লেনদেন কমে যাওয়ার সম্ভাব্য কয়েকটি কারণ উল্লেখ করেছেন বাজারবিশ্লেষকেরা। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, ‘বাজারে বড় বিনিয়োগকারীদের অনেকেই এখন নিষ্ক্রিয়। পাশাপাশি তাঁদের দেখে যেসব বিনিয়োগকারী বিনিয়োগ করেন তাঁরাও খুব বেশি সক্রিয় নন। এটি একটি কারণ। আরেকটি কারণ হলো বাজারে একদল বিনিয়োগকারী আছেন যাঁরা বাজার পড়তে থাকলে মনে করেন আরও একটু কমলে শেয়ার কিনবেন।’ আকতার হোসেন সান্নামাত আরও বলেন, ‘বিনিয়োগকারীদের কেউ কেউ সেকেন্ডারি বাজারে লেনদেন কমে যাওয়ার জন্য প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারকে দায়ী করছেন। আমি এই দাবির সঙ্গে একমত নই।’এদিকে আগের দিনের মতো গতকালও ঢাকার বাজারে ব্যাংকিং খাতের মূল্যবৃদ্ধি ঘটেছে। অবশ্য এ দিন ব্যাংকিং খাতের মতো লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে এ দিন ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৪টিরই দাম বেড়েছে, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিন শেষে ঢাকার বাজারে সাধারণ সূচক প্রায় দেড় শতাংশ বা ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫১৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪৬ কোটি টাকা কমে গেছে।চট্টগ্রামের বাজারে এ দিন ১৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টিরই দাম বেড়েছে, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ২১৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৮ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা বেশি।