ডিএসইর লেনদেন দুই মাসের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও সাড়ে ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। গতকাল বুধবার ঢাকার বাজারে প্রায় ৪১৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ১৪ আগস্ট ডিএসইতে প্রায় ৩৬৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে লেনদেনে বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ ততই কমছে। এই সময়ে এসে বিনিয়োগকারীদের একটি অংশ বাজার থেকে টাকা তুলে নিচ্ছে। সেই সঙ্গে নতুন করে বিনিয়োগেও কিছুটা স্থিতাবস্থা বিরাজ করছে। আইডিএলসি ইনভেস্টমেন্টসের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে নতুন বেশ কিছু কোম্পানির শেয়ার তালিকাভুক্ত হতে যাচ্ছে। ধারাবাহিকভাবে এসব কোম্পানির শেয়ার বাজারে আসবে। তার আগে কোম্পানিগুলো আইপিওর চাঁদা সংগ্রহ শুরু করেছে। এ কারণেও বাজার থেকে কিছু অর্থ তুলে নেওয়া হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে টানা তৃতীয় দিনের মতো গতকালও ঢাকার বাজারে লেনদেনে আধিপত্য ধরে রেখেছে বিদ্যুৎ-জ্বালানি খাত। এই দিন এ খাতের ১৪টি কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশ। খাতভিত্তিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলো। এই দিন এ খাতের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ। এ ছাড়া একক কোম্পানি হিসেবে ডিএসইতে বুধবারও আধিপত্য ধরে রেখেছে ইউনাইটেড এয়ার। এই দিন এককভাবে কোম্পানিটির প্রায় ৪১ কোটি টাকার লেনদেন হয়, যা মোট লেনদেনের পৌনে ১০ শতাংশ। ঢাকার বাজারে এই দিন ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে, বেড়েছে ৯৮টির আর অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ারে দর। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৪৫৭ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩০ পয়েন্টে। এই দিন সিএসইতে ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৯টিরই দাম কমেছে, বেড়েছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা কম।