দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার থেকে লেনদেন নিষ্পত্তির সময় কমছে। জেড শ্রেণী বাদে তালিকাভুক্ত অন্য সব শ্রেণীর শেয়ারের লেনদেনের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন আরেক কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন মঞ্জুর করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসই জানিয়েছে, টি প্লাস টু কার্যকরের ফলে আজ থেকে শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমে যাবে। বর্তমানে জেড শ্রেণী বাদে অন্যান্য শ্রেণীর তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে ন্যূনতম চার দিন সময় লাগে। নতুন পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তির এই সময় এক দিন কমে তিন দিনে নেমে আসবে। আর জেড শ্রেণীর শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় টি প্লাস নাইন বা ন্যূনতম ১০ দিনই থাকছে।
জানা গেছে, বিএসইসির পরামর্শক্রমে এক মাস সময় দিয়ে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেয় ডিএসই। এরই অংশ হিসেবে গত ১৬ মার্চ লেনদেন নিষ্পত্তির সময় কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই দিনই জানিয়ে দেওয়া হয়, ১৬ এপ্রিল থেকে নতুন পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি করা হবে।
অবশ্য ডিএসই আজ থেকে লেনদেন নিষ্পত্তির সময় কমালেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত নভেম্বর মাসে টি প্লাস টু কার্যকর করা হয়।
এদিকে বিএসইসির গতকালের সভায় সাইফ পাওয়ারটেক নামের এক কোম্পানির আইপিও অনুমোদন করা হয়। কোম্পানিটি আইপিওতে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩৬ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
সংগৃহীত টাকায় কোম্পানিটি নতুন ব্যাটারি তৈরি প্রকল্পে ব্যয় করবে। ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরসহ এর আগের পাঁচ বছরের শেয়ারপ্রতি আয় বা ইপিএসের গড় দাঁড়িয়েছে ৩ টাকা ১ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।