ডিএসইর লেনদেন সাড়ে ৫০০ কোটি টাকা ছাড়াল
সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৫৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭০ কোটি টাকা বেশি। আর আজকের লেনদেন গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।লেনদেন বৃদ্ধির পাশাপাশি ডিএসইতে আজ সূচকও বেড়েছে। ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৪৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিন অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৯টির দাম বেড়েছে, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, বেক্সিমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, কেপিসিএল, বিইডিএল, এনভয় টেক্সটাইল ও তাল্লু স্পিনিং।এদিকে ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৮৫ পয়েন্টে। সিএসইতে আজ ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫৮টির দাম বেড়েছে, কমেছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি।