ডিএসইর লেনদেন ১,৬০০ কোটি ছাড়িয়ে গেল, মূল্যসূচক কমেছে
ঢাকার শেয়ারবাজারে লেনদেন এবার এক হাজার ৬০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করল। গত বৃহস্পতিবার এক হাজার ৫৮১ কোটি টাকার রেকর্ড লেনদেনের পরের প্রথম কার্যদিবসেই গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৬০৯ কোটি টাকার শেয়ার।তবে এ দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জেই তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এ কারণে বেশ কিছুদিন পর কমেছে মূল্যসূচক।বাজার বিশ্লেষকেরা বলছেন, টানা কয়েক দিন বাড়ার পর সূচকের এ সংশোধন কিছুটা প্রত্যাশিতই ছিল। একনাগাড়ে বাজার বাড়ার কারণে বেশির ভাগ বিনিয়োগকারীর হিসাবেই কিছু না কিছু মুনাফা রয়েছে। ফলে তাঁদের অনেকের মধ্যেই মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকবে—এটাই স্বাভাবিক। মূলত এ প্রবণতার প্রভাবেই গতকাল উভয় বাজারে সূচক কমেছে।অন্যদিকে অনেক কোম্পানির শেয়ারের দাম তুলনামূলকভাবে কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কেউ কেউ আবার সেগুলো পুনঃক্রয় করেছেন। ফলে বাজারে সূচক কমলেও সার্বিক লেনদেন বেড়েছে।বাজার পরিস্থিতি: গতকাল দিনের শুরুতে সূচক কিছুটা বাড়লেও ১৫ মিনিটের মধ্যেই তা কমতে শুরু করে। এর ২০ মিনিট পর আবার কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে সূচক কিছুটা কমেই লেনদেনের সমাপ্তি ঘটে। ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৬৭ পয়েন্টে নেমে এসেছে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৯৩ পয়েন্ট হয়েছে। সিএসইতে এ দিন লেনদেন হয়েছে ১৪৪ কোটি টাকার শেয়ার।গতকাল দুই স্টক এক্সচেঞ্জেই ব্যাংকিং খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। ডিএসইর লেনদেনের শীর্ষ ২০টি কোম্পানির মধ্যে ১০টিই ছিল ব্যাংকিংই খাতের শেয়ার।দর বৃদ্ধির শীর্ষ ১০: স্ট্যান্ডার্ড সিরামিক, নর্দার্ন ইনস্যুরেন্স, এইচআর টেক্সটাইল, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, শাহ্জালাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।দাম কমার শীর্ষ ১০: কেয়া কসমেটিকস, কেয়া ডিটারজেন্ট, আলফা টোব্যাকো, পদ্মা সিমেন্ট, এস আলম কোল্ড রোল্ড, আলহাজ টেক্স, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সিনোবাংলা ও আজিজ পাইপ।লেনদেনের শীর্ষ ১০: প্রাইম ব্যাংক, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, সাউথইস্ট ব্যাংক, তিতাস গ্যাস, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্কয়ার ফার্মা ও বেক্সিমকো ফার্মা।