ডিএসইর লেনদেন ১১০০ কোটি টাকা অতিক্রম করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও এক হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। সেই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ছাড়িয়েছে সাড়ে চার হাজার পয়েন্ট।গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেনের বড় ধরনের উত্থান ঘটেছে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় ১৩৪ পয়েন্ট বা ৩ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। সেখানকার বাজারের সার্বিক মূল্যসূচক এই দিন প্রায় ৪২৯ পয়েন্ট বা ৩ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।দুই বাজারে এদিন মূল্যসূচকের বড় ধরনের উত্থানের পেছনে ভূমিকা রেখেছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলো। দীর্ঘদিন পর রোববার শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাকিং খাতের কোম্পানিগুলোর সব কটিরই দাম বেড়েছে। ডিএসইতে বর্তমানে ব্যাংকিং খাতের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩০টি। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির শেয়ার এদিন মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।পাশাপাশি ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল তিনটি ব্যাংক। সেগুলো হলো: সিটি, উত্তরা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এসব কোম্পানির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ করে বেড়েছে।জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ব্যাংকিং খাতের শেয়ারের দামের ঊর্ধ্বগতির কারণে বাজারে বড় ধরনের উত্থান ঘটেছে। একক খাত হিসেবে গতকাল ব্যাংকিং খাতের শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। আর ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়লে সূচকেও এর বড় ধরনের প্রভাব পড়ে।ঢাকার বাজারে রোববার দিন শেষে প্রায় এক হাজার ১৩৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা বেশি। শুধু তা-ই নয়, গত পাঁচ মাসের ব্যবধানে ডিএসইতে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল ডিএসইতে এক হাজার ২০২ কোটি টাকার লেনদেন হয়েছিল।এদিন ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫৬৬ পয়েন্টে। গত আড়াই মাসের ব্যবধানে এটিও সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ২৮ জুন ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৫৭৩ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।ডিএসইতে এদিন ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০২টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র ৫৭টির আর অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল সরকারনিয়ন্ত্রিত কোম্পানি তিতাস গ্যাস।চট্টগ্রামের বাজারে ২০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টিরই দাম বেড়েছে, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে প্রায় ১১৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩১ কোটি টাকা বেশি। সেই সঙ্গে চলতি বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। সিএসইর সার্বিক মূল্যসূচক এদিন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৯৪৫ পয়েন্টে।