ডিএসইর লেনদেন ১৫০ কোটি টাকার নিচে নেমে গেছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এবার দেড় শ কোটি টাকার নিচে নেমে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সোমবার ডিএসইতে লেনদেন নেমে এসেছে প্রায় ১৩৯ কোটি টাকায়। গত প্রায় দুই মাসের ব্যবধানে এটি সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ২১ জানুয়ারি ডিএসইতে সর্বনিম্ন ১০২ কোটি টাকার লেনদেন হয়েছিল। এদিকে লেনদেন কমে গেলেও সূচক সামান্য বেড়েছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে বাজার যে পর্যায়ে নেমে এসেছে, তাতে নতুন করে বিনিয়োগ না এলে বিদ্যমান বিনিয়োগকারীদের নিয়ে লেনদেন পরিস্থিতির খুব বেশি উন্নতি ঘটানো যাবে না। কারণ, সক্রিয় বিনিয়োগকারীদের বেশির ভাগই বড় ধরনের লোকসানের মধ্যে রয়েছেন। এ কারণে তাঁদের অনেকে লেনদেনে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সূচকের বর্তমান অবস্থায় বাজারে খুব বেশি লেনদেন প্রত্যাশা করাও যায় না। যদি সূচক একটু একটু করে বাড়তে থাকে, তার সঙ্গে সঙ্গে লেনদেনের পরিমাণও বাড়বে। বাজারের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, সূচক যখনই চার হাজারের নিচে নেমেছে, তখন লেনদেনও কমে গেছে।’ মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, ‘এই সময়ে এসে লেনদেন কমে যাওয়ার পেছনে আরও একটি বড় কারণ সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত হওয়া নতুন কোম্পানিগুলো। শুরুতে বাড়তি দামে এসব কোম্পানির শেয়ার কিনে এখন অনেকেই লোকসানের মুখে পড়েছেন। এ কারণে সেকেন্ডারি বাজারের নিয়মিত লেনদেনের একটি অংশ ওইসব শেয়ারে নতুন করে আটকে গেছে। সেই সঙ্গে নতুন কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণও অনেক কমে গেছে। এর ফলে পুরো লেনদেনের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে।’কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এদিন লেনদেনে শীর্ষে ছিল ব্যাংকিং খাত। এ খাতের লেনদেন হওয়া ৩০ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২০ শতাংশ। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্প্রতি ব্যাংকগুলো বছর শেষের লভ্যাংশ ঘোষণা করতে শুরু করেছে। এরই মধ্যে বেশ কিছু ব্যাংক ২০১২ সালের হিসাব বছর শেষে শেয়ারধারীদের জন্য লভ্যাংশের ঘোষণা দিয়েছে। বাকি কোম্পানিগুলোও লভ্যাংশ ঘোষণার প্রক্রিয়ায় রয়েছে। এ কারণে এই খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে। গতকালও ডিএসইর ওয়েবসাইটে বেশ কয়েকটি ব্যাংকের লভ্যাংশ ঘোষণার খবর প্রকাশ করা হয়। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, দিন শেষে সোমবার ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে ১ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। এ কারণে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩১ শতাংশ। একক কোম্পানি হিসেবে এদিন ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। এদিন কোম্পানিটির প্রায় ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৯ শতাংশ। ১৪ মার্চ পরিচালনা পর্ষদের সভা শেষে ২০১২ সালের হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশ ঘোষণার পর গতকালই ছিল প্রথম লেনদেন দিবস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৪ দশমিক ৯৫ শতাংশ বা তিন টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ টাকায়। ঢাকার বাজারে সোমবার ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫০টিরই দাম বেড়েছে, কমেছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ২৭টির দাম। দিন শেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮৬৩ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল আগের কার্যদিবসের চেয়ে ৩৩ কোটি টাকা কম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮ পয়েন্টে। এদিন সিএসইতে ১৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৬টিরই দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় দুই কোটি টাকা কম।