ডিএসইর লেনদেন ৩০০ কোটি টাকার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও গতকাল সোমবার দরপতন দিয়ে দুই বাজারেই লেনদেন শেষ হয়। তবে এর তীব্রতা আগের দিনের মতো ছিল না। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনভর সাধারণ মূল্যসূচকের বেশ উত্থান-পতন ছিল। সেই সঙ্গে সাত দিনের ব্যবধানে ঢাকার বাজারের লেনদেন আবারও ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। এর আগে গত ১৯ অক্টোবর সর্বশেষ ডিএসইতে ২৭৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। ডিএসইর মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন গতকাল কমেছে। অবাহত দরপতনের প্রতিবাদে নভেম্বর মাসের মধ্যেই পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের প্রতি চূড়ান্ত দাবি (আলটিমেটাম) জানিয়েছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। তাঁরা বলেছেন, এ সময়ের মধ্যে বাজার স্থিতিশীল না হলে আগামী ৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে মহাসমাবেশের আগ পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী। এ সময় সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও সহসভাপতি নজরুল ইসলামসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে মোট নয় দফা দাবি তুলে ধরে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। তবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দরপতনে শেয়ারের দাম যেখানে নেমেছে, সেটিই প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর উভয় বিনিয়োগকারীকে বাজারে নতুন করে বিনিয়োগের ব্যাপারে প্রলুব্ধ করবে। যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বাজারে শেয়ারের গড় মূল্য আয়ের অনুপাত (পিই রেশিও) গত পাঁচ-সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এটি বিনিয়োগের জন্য নিরাপদ ও উপযুক্ত সময়। বেশির ভাগ শেয়ারের দামই বিনিয়োগে প্রলুব্ধ করার মতো অবস্থায় নেমে এসেছে। আশা করছি এখান থেকেই বাজার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। আজকের (গতকাল) লেনদেনে তার কিছুটা ইঙ্গিতও দেখা গেছে।’দরপতনের প্রতিবাদে গতকালও বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে একদল বিনিয়োগকারী দুপুরের পর ডিএসই ভবনের সামনের রাস্তায় বিক্ষোভ করেন। এ কারণে বেলা দুইটা থেকে শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। এর বাইরে বেলা সাড়ে ১১টার দিকে ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরামের ব্যানারে এসইসি কার্যালয়ের সামনের সড়কে আলাদাভাবে মানববন্ধন পালিত হয়। এদিকে, গতকাল দিন শেষে ঢাকার বাজারের মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৬ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৯১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকা কম।