ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নামল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৪০০ কোটি টাকার নিচে এসেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৬৯ কোটি টাকা। গত দুই মাসের মধ্যে এটি সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ১৪ আগস্ট ডিএসইতে প্রায় ৩৬৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকালও লেনদেনে প্রাধান্য ছিল বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানিগুলোর। এ খাতের ১৪ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ দশমিক ৭০ শতাংশ। বিদ্যুৎ-জ্বালানি খাতের মতো একক কোম্পানি হিসেবে কয়েক দিন ধরেই লেনদেনে আধিপত্য ধরে রেখেছে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ার। গতকালও কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ডিএসইর মোট লেনদেনের প্রায় ১০ শতাংশ।এদিকে বাজারে ধারাবাহিক লেনদেন কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, এ কারণে অনেক বিনিয়োগকারী এখন বাজার পর্যবেক্ষণের ভূমিকায় রয়েছেন। তবে লেনদেন কমে যাওয়ার বিষয়টিকে মোটেই অস্বাভাবিক মনে করেন না পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল। তিনি বলেন, ‘হঠাৎ করে বাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণ ছিল না। তাই এখন লেনদেন কমে যাওয়ার পেছনেও যৌক্তিক কোনো কারণ নেই। যৌক্তিক কোনো কারণ ছাড়া লেনদেন বাড়লে কারণ ছাড়াই তা কমবে, এটাই স্বাভাবিক।’এই বিশ্লেষক আরও বলেন, ‘একটি গোষ্ঠী হয়তো বাজারে সূচক ও লেনদেন বাড়াতে চেয়েছিল, তাই দুটোই বেড়েছিল। এখন একই গোষ্ঠী হয়তো চাইছে সূচক ও লেনদেন কিছুটা কমে আসুক। এর মাধ্যমে তারা নিজেদের মতো করে ব্যবসা করে বাজার থেকে মুনাফা তুলে নিচ্ছে। তা না হলে অর্থনীতি বা বাজারে এমন কোনো নেতিবাচক খবর নেই, যার জন্য হাজার কোটি টাকার লেনদেন ৪০০ কোটির নিচে নেমে আসবে।’ এদিকে ঢাকার বাজারে গতকাল ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫০টির দাম বেড়েছে, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৫৯ পয়েন্টে। গত সাত কার্যদিবসে ঢাকার বাজারের সূচক চার হাজার ৪৫০ পয়েন্ট থেকে চার হাজার ৫০০ পয়েন্টের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। দিনশেষে এদিন ঢাকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৫০ কোটি টাকা কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৬২৩ পয়েন্টে। সেখানকার বাজারে ১৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৭৮টিরই দাম কমেছে, বেড়েছে ৭২টির আর অপরিবর্তিত ছিল ২৬টির দাম। দিনশেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা কম।