ডিএসইর লেনদেনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকাল সোমবারের লেনদেনে প্রাধান্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের। নতুন তালিকাভুক্ত কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ারের কারণেই মূলত এ খাত লেনদেনের শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৬ শতাংশ বা ৯১ কোটি টাকাই ছিল এ খাতের। এর মধ্যে এককভাবে সামিট পূর্বাঞ্চলের অংশ ছিল প্রায় ৫৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনেরও সাড়ে ১৬ শতাংশ। সামিট পূর্বাঞ্চলের শেয়ারের ওপর ভর করে গতকাল ঢাকার বাজারের সার্বিক লেনদেন বেড়ে ৩৫৫ কোটি ২৮ লাখ টাকায় উন্নীত হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৫ কোটি টাকা বেশি। চলতি বছরে এই প্রথমবারের মতো ডিএসইর লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়িয়ে গেল, যেটাকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করেন। জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘চলতি বছর প্রথমবারের মতো ডিএসইর লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা ছিল নতুন কোম্পানিটির। তাই আমি মনে করি, বাজারে যখনই নতুন কোনো কোম্পানি আসে, তার সঙ্গে তারল্যপ্রবাহও কিছুটা বৃদ্ধি পায়। এটি খুবই ইতিবাচক দিক।’ মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘বাজার বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে প্রতিদিনের গড় লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেলে তা সবার জন্য স্বস্তি বয়ে আনবে। তবে লেনদেনের পরিমাণ বাড়াতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।’দেশের দুই স্টক এক্সচেঞ্জে এদিন লেনদেন শুরু হয় সামিট গ্রুপের আরেক প্রতিষ্ঠান সামিট পূর্বাঞ্চল পাওয়ারের। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম নির্ধারিত হয় ৪০ টাকা। ১০০টি শেয়ার নিয়ে গঠিত হয় প্রতিটি মার্কেট লট বা বাজারগুচ্ছ। সেই হিসাবে আইপিওতে যাঁরা কোম্পানিটির শেয়ার পেয়েছেন, প্রতিটি মার্কেট লটের জন্য তাঁদের বিনিয়োগের পরিমাণ ছিল চার হাজার টাকা। প্রথম দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৫৮ টাকায় লেনদেন হয়েছে। এই দিন যাঁরা আইপিওর শেয়ার বিক্রি করেছেন, তাঁরা প্রতি লটে এক হাজার থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত মুনাফা করেছেন।এদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পর এদিন ঢাকার বাজারে লেনদেনে প্রাধান্য ছিল ব্যাংক ও বস্ত্র খাতের। মোট লেনদেনের প্রায় ২৬ শতাংশ ছিল এ দুটি খাতের। ডিএসইতে এদিন লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমলেও মূল্যসূচকে তার খুব বেশি প্রভাব পড়েনি। এই বাজারে মোট ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমে ১৫৩টির, বাড়ে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় চার হাজার ২৭১ পয়েন্টে। আর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চার হাজার ১৬৫ পয়েন্টেই অবস্থান করে। চট্টগ্রামের বাজার: অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১০ পয়েন্ট কমে দাঁড়ায় ১২ হাজার ৯৯৬ পয়েন্টে। এই বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৫ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানির মধ্যে আগের তুলনায় দাম কমে ১১৮টির, বাড়ে ৫০টির আর অপরিবর্তিত থাকে ১৯টির।