ডিএসইর লেনদেনের ওপর সরকারের রাজস্ব আয় বেড়ে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের ওপর থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে। এ খাত থেকে বিগত অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে দ্বিগুণের বেশি রাজস্ব পেয়েছে সরকার।
ডিএসইর তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে লেনদেনের ওপর আরোপিত কর বাবদ সরকারের আয় ছিল প্রায় চার কোটি ৭২ লাখ টাকা। আর সর্বশেষ নভেম্বরে তা বেড়ে হয়েছে প্রায় ১১ কোটি টাকা।
ডিএসই সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে এই বাজারে গড় লেনদেনের পরিমাণ বেড়ে যাওয়ায় সরকারের আয়ও বেড়েছে। গত অক্টোবরে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেনের পরিমাণ ছিল ২৬২ কোটি টাকা। নভেম্বরে তা বেড়ে হয়েছে প্রায় ৫৪৬ কোটি টাকা।
এদিকে তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ের মধ্যে ডিএসইর লেনদেন থেকে সরকার দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব পেয়েছে গত নভেম্বরে। চলতি অর্থবছরে এ খাত থেকে সরকারের সর্বোচ্চ রাজস্ব এসেছিল গত জুলাই মাসে।
চলতি অর্থবছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে লেনদেনের ওপর থেকে সরকার যথাক্রমে ১৫, ৭, ১০ ও প্রায় ৫ কোটি টাকার রাজস্ব পেয়েছে। উল্লেখিত সময়ে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ৬৯৬, ৪৭৬, ৪৭০ ও ২৬২ কোটি টাকা।
ডিএসইর সদস্যদের প্রতিদিনের লেনদেনের ওপর সরকার ০.০৫ শতাংশ হারে কর আদায় করে। এর বাইরে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালক ও প্রাক আইপিও প্লেসমেন্ট শেয়ারধারীদের শেয়ারের মূলধনী আয়ের (ক্যাপিটাল গেইন) ওপর থেকে পাঁচ শতাংশ হারে কর আদায় করে।
এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের মূলধনী আয়ের ওপর থেকে গত নভেম্বরে সাড়ে তিন কোটি টাকা রাজস্ব আদায় করা হয়, যা অক্টোবরে ছিল তিন কোটি ৩৯ লাখ টাকা।
বাজার পরিস্থিতি: সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবারও দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২৭৭ পয়েন্টে।
ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৭টির দাম কমেছে, বেড়েছে ১২৫টির আর অপরিবর্তিত ছিল ৩২টির দাম। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৪১ পয়েন্ট। এদিন সিএসইতে ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টির দাম কমেছে, বেড়েছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল ১৫ টির দাম। দিনশেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা কম।