ডিএসইর লেনদেনের সিংহভাগজুড়ে মাত্র দুটি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সিংহভাগজুড়ে গতকাল ছিল ভ্রমণ ও অবকাশ খাতের দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও ইউনাইটেড এয়ার। ডিএসইতে গতকাল সোমবার কোম্পানি দুটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২০ শতাংশেরও বেশি। ঢাকার বাজারে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল কোম্পানি দুটি। এর মধ্যে প্রথম স্থানে ছিল ইউনিক হোটেল আর দ্বিতীয় অবস্থানে ছিল ইউনাইটেড এয়ার। ডিএসইর তথ্য অনুযায়ী, একক কোম্পানি হিসেবে ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ১১ শতাংশ ছিল ইউনিক হোটেলের আর ১০ শতাংশ ছিল ইউনাইটেড এয়ারের। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সম্প্রতি শ্রেণী পরিবর্তনকারী নতুন কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণপ্রাপ্তি সহজ করেছে। এর ফলে সাম্প্রতিক সময়ে শ্রেণী পরিবর্তনকারী প্রতিষ্ঠান ইউনিক হোটেলের শেয়ার ঋণযোগ্য হয়েছে। এত দিন তালিকাভুক্ত কোনো কোম্পানির শ্রেণী পরিবর্তনের পরবর্তী ৩০ কার্যদিবস ওই কোম্পানির শেয়ারে কোনো ধরনের ঋণসুবিধা দেওয়া যেত না। কিন্তু এসইসির সাম্প্রতিক নির্দেশে সেই বিধি শিথিল করা হয়েছে। এর ফলে শ্রেণী পরিবর্তনের দিন থেকে ঋণসুবিধা পাবে সংশ্লিষ্ট কোম্পানি। ডিএসই সূত্র জানিয়েছে, গত ২১ নভেম্বর ইউনিক হোটেলের শ্রেণী পরিবর্তিত হয়। ‘এন’ শ্রেণী থেকে কোম্পানিটি ‘এ’ শ্রেণীতে উঠে আসে। এ ছাড়া বেশ কিছুদিন ধরে লেনদেনের শীর্ষে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ার। কোম্পানিটির শেয়ারের দর বাড়াতে কারসাজির ঘটনা ঘটেছে বলে ডিএসইর সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে। অবশ্য লেনদেনের শীর্ষে থাকলেও গতকাল কোম্পানি দুটির শেয়ারের দর কমেছে। পাশাপাশি বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দর পতন হয়েছে।কসমোপলিটন ফিন্যান্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সূচকের পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে যথাক্রমে গ্রামীণফোন, আইসিবি, ন্যাশনাল ব্যাংক, পাওয়ার গ্রিড ও তিতাস গ্যাস। এই পাঁচ কোম্পানির কারণে ডিএসইর সাধারণ সূচক প্রায় শূন্য দশমিক ৪৩ শতাংশ কমেছে। বৃহস্পতিবারের অস্বাভাবিক উত্থানের পর চলতি সপ্তাহের দুই কার্যদিবসে বাজারে দরপতন ঘটল। গত দুদিনে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ১২৪ পয়েন্ট। দরপতনের কারণে ঢাকার বাজারে লেনদেন কমে আবারও ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪২ কোটি টাকা কম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় দেড় শতাংশ বা ১৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮৫ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা কম।