ডিএসইর লেনদেনের ২০ শতাংশই জ্বালানি খাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল সোমবার আধিপত্য বিস্তার করেছে তিনটি খাত। ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪৫ শতাংশ ছিল এই তিন খাতের। খাতগুলো হচ্ছে: বিদ্যুৎ-জ্বালানি, ভ্রমণ ও অবকাশ এবং বস্ত্র। এই তিন খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি টাকা। আর এদিন ঢাকার বাজারের মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩০ কোটি টাকা।তবে একক খাত হিসেবে লেনদেনে আধিক্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের। এ খাতের তালিকাভুক্ত ১৪ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৮ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২০ শতাংশের বেশি।একক কোম্পানি হিসেবে দিন শেষে ডিএসইতে লেনদেনে আধিক্য বজায় রেখেছে ইউনাইটেড এয়ার। এককভাবে এই কোম্পানির প্রায় ৫৭ কোটি টাকার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৭৪ শতাংশ। ডিএসইর লেনদেনের তথ্যের ভিত্তিতে কসমোপলিটন ফিন্যান্সের বাজার প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, বর্তমানে বাজারে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। ঈদুল আজহা সামনে রেখেই বাজারে এই স্থিতাবস্থা। অনেক বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন আর অনেকে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছরই ঈদুল আজহা সামনে রেখে বাজারে বিনিয়োগ কম হয়। উল্টো টাকা তুলে নিতে সাময়িকভাবে বিক্রির চাপ বেশি থাকে। লেনদেনে এগিয়ে থাকলেও ডিএসইর সূচকে ইতিবাচক কোনো প্রভাবই ফেলতে পারেনি বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানিগুলো। বরং এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামের উত্থান-পতনের কারণে সূচক কমেছে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। যদিও দিন শেষে ডিএসইর সাধারণ সূচক শূন্য দশমিক ৩৬ শতাংশ বা ১৬ পয়েন্ট বেড়েছে। এর পেছনে বড় ভূমিকা ছিল ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বিবিধ খাতের কোম্পানিগুলো।