ডিএসইর লেনদেনের ২০ শতাংশই দুই কোম্পানির
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে প্রাধান্য বিস্তার করছে ভ্রমণ ও অবকাশ খাত। এ খাতের তালিকাভুক্ত তিনটি কোম্পানির মধ্যে গতকাল বৃহস্পতিবার দুটির লেনদেন হয়েছে। কোম্পানি দুটি হলো: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও ইউনাইটেড এয়ার।দিনশেষে এই দুই কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২০ শতাংশ। আর সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৮৩ কোটি টাকা। ভ্রমণ ও অবকাশ খাতের পর লেনদেনে প্রাধ্যন্য ছিল বিদ্যুৎ-জ্বালানি খাতের। দিনশেষে এ খাতের ১৪টি কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। লেনদেনের পাশাপাশি গতকাল ডিএসইর সাধারণ সূচকেও প্রাধান্য ছিল ভ্রমণ ও আবাসন খাতের কোম্পানি দুটির। কোম্পানি দুটি সম্মিলিতভাবে এদিন শূন্য দশমিক ২০ শতাংশ সূচক যোগ করেছে। যদিও বেশির ভাগ কোম্পানির দরপতনের কারণে দিনশেষে সূচক কমেছে।এদিকে বাজার মূলধনে সর্বাধিক আধিক্য থাকলেও ডিএসইর লেনদেনে ব্যাংকিং খাতের অবদান ছিল ১০ শতাংশের নিচে। ব্যাংকিং খাতের চেয়েও এদিন টেক্সটাইল খাত লেনদেনে এগিয়ে ছিল। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ডিএসইর ১৮টি খাতের মধ্যে চারটি খাত গতকাল সূচকে বাড়তি পয়েন্ট যুক্ত করেছে। তার বিপরীতে নয়টি খাত সূচকের পতনে অবদান রেখেছে। বাকি পাঁচটি খাতের কোনো প্রাধান্যই ছিল না সূচকে। এর বাইরে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড, করপোরেট বন্ড, ডিবেঞ্চার ও ট্রেজারি বন্ডকে সূচক নির্ণয়ে হিসাবে ধরা হয় না। এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক প্রায় ২০ পয়েন্ট কমে আবারও চার হাজার ৫০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২৬ কোটি টাকা কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৫ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে মাত্র কয়েক লাখ টাকা বেশি।