ডিএসইর শেয়ারধারী পরিচালক নির্বাচন-প্রক্রিয়া শুরু
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারজন শেয়ারধারী পরিচালক নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই কমিশন গঠন করা হয়। ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান এই কমিশন গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মিনহাজ মান্নান জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিনকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন করা হয়েছে। কমিশনের অপর দুই শেয়ারধারী সদস্য হলেন এম কামালউদ্দিন ও মাহবুবুর রহমান।
এ ছাড়া সভায় ডিমিউচুয়ালাইজেশন আইনের বিধান অনুযায়ী, সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এ কে এম জিয়াউল হাসান খানকে প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বা সিআরও (চিফ রেগুলেটরি অফিসার) হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচিতে বলা হয়েছে, ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে সিআরওর একটি পদ সৃষ্টি করতে হবে, যার তত্ত্বাবধানে স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগ পরিচালিত হবে।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে ডিএসইর শেয়ারধারী সদস্যদের মধ্য থেকে চারজন পরিচালক নির্বাচিত করতে হবে।
ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ হবে ১৩ সদস্যের। এর মধ্যে সভাপতিসহ সাতজন হবেন স্বতন্ত্র পরিচালক। শেয়ারধারীদের মধ্য থেকে পরিচালক হতে পারবেন সর্বোচ্চ পাঁচজন। এই পাঁচ পরিচালকের মধ্যে ন্যূনতম একজন হবেন কৌশলগত বিনিয়োগকারী। সেই হিসেবে ডিএসইর বিদ্যমান শেয়ারধারী বা সদস্যদের মধ্য থেকে সর্বোচ্চ চারজন পরিচালক হওয়ার সুযোগ পাবেন।