ডিএসইর সংস্কারপ্রস্তাব বিবেচনা করবে এসইসি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সংস্কারপ্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার দুপুরে এসইসির সভাকক্ষে ডিএসইর নেতাদের সঙ্গে বৈঠকে এসইসির পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়। পরে বেলা আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানান।সংবাদ সম্মেলনে রকিবুর রহমান বলেন, ‘আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী পুঁজিবাজার। এ লক্ষ্যে ডিএসইর পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাব এসইসিতে দেওয়া হয়েছে। এই প্রস্তাবমালার সঙ্গে এসইসির নিজস্ব সংস্কারপ্রস্তাবের বেশ মিল রয়েছে। এসইসি বিবেচনায় নিয়েছে ডিএসইর প্রস্তাবগুলো। এগুলো আরও যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে নিয়ন্ত্রক সংস্থা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত ১১ অক্টোবর একগুচ্ছ সংস্কারপ্রস্তাব এসইসিতে জমা দেয় ডিএসই। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি, নতুন কোম্পানির তালিকাভুক্তি, আইপিওর মাধ্যমে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রিমিয়াম নির্ধারণ, রাইট শেয়ার ইস্যু, শেয়ার বাইব্যাক, অমনিবাস হিসাবসহ বেশ কিছু বিষয় রয়েছে। এগুলো নিয়ে ডিএসইর নেতাদের সঙ্গে আজ বৈঠক করে এসইসি।