ডিএসইর সদস্য ফিরোজ খানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফিরোজ খান গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় ইউনাইটেড হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সিরাজগঞ্জের অধিবাসী ফিরোজ খান ১৯৮০ সালে ডিএসই সদস্যপদ লাভ করেন। ওই বছরই তিনি ‘ফিরোজ খান অ্যান্ড কোম্পানি’ নামে একটি ব্রোকারেজ হাউস প্রতিষ্ঠা করেন। তাঁর মালিকানাধীন ব্রোকারেজ হাউসটি বর্তমানে ‘এমিনেন্ট সিকিউরিটিজ’ নামে পরিচিত। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই ব্রোকারেজ হাউসটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।ফিরোজ খান ২০০৩ সালের মার্চ থেকে ২০০৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইর পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি ২০০৪-০৬ মেয়াদে ডিএসইর সহসভাপতি ও ২০০৫-০৬ মেয়াদে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয়বারের মতো ডিএসইর পরিচালক নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।ডিএসইর সভাপতি মো. শাকিল রিজভী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র ফিরোজ খানের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এদিকে ফিরোজ খানের প্রতি সম্মান প্রদর্শন করে ডিএসইর আজকের লেনদেন বেলা ১১টার পরিবর্তে ১১টা পাঁচ মিনিটে শুরু হয়। মরহুমের প্রথম নামাজের জানাজা আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে অনুষ্ঠিত হওয়ার পর সিরাজগঞ্জ এনায়েতপুর মাজার শরিফে তাঁকে দাফন করা হয়।ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।