ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নিকুঞ্জে ভবনের জায়গা বরাদ্দ নিয়ে প্রতিষ্ঠানটির সদস্যদের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে। গতকাল সোমবার ডিএসইর মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত সদস্যদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য জানান, অনুষ্ঠানের একপর্যায়ে ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে এ বিষয়ে জানতে চান। কিসের ভিত্তিতে ভবনের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে তা লিখিতভাবে সিইওর কাছে জানতে চেয়ে কোনো উত্তর না পেয়ে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করেন।
জিজ্ঞাসার জবাবে সিইও মৌখিকভাবে তাঁর বক্তব্য তুলে ধরেন। পরে ভবন কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশীদ বরাদ্দের বিষয়ে যুক্তি তুলে ধরেন এবং পাল্টা বক্তব্য দেন। এ নিয়ে সে সময় কিছুটা বাগিবতণ্ডা দেখা দেয় বলে উপস্থিত একাধিক সদস্য জানান।
বাগিবতণ্ডার একপর্যায়ে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম জায়গা বরাদ্দের ক্ষেত্রে ‘অসমতা’র বিষয়টি স্বীকার করেন। এ সময় অনেক সদস্য লটারির মাধ্যমে পুনরায় জায়গা বরাদ্দের প্রস্তাব করেন।
উল্লেখ্য, ডিএসইর নিকুঞ্জে ভবনের জায়গা ভাগ-বাঁটোয়ারা নিয়ে গত ৩১ আগস্ট প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশ হয়। এ বিষয়ে পরবর্তীকালে নিয়ন্ত্রক সংস্থা লিখিতভাবে ডিএসইর কাছে বিভিন্ন তথ্যও জানতে চেয়েছে।